রেকর্ড ছয় মিলিয়ন ডলারে বিক্রি সুপারম্যানের প্রথম কমিক

 

শেয়ার বিজ ডেস্ক: সুপারম্যানের ১৯৩৮ সালের একটি অ্যাকশন কমিক নিলামে রেকর্ড ছয় মিলিয়ন বা ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিলাম সংস্থা হেরিটেজ অকশনসের মতে, এটি তাদের বিক্রি করা সবচেয়ে ব্যয়বহুল কমিক বই। খবর: সিএনএন।

নিলাম সংস্থার দাবি, এটিই এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাববিস্তারকারী কমিক বই। বইটি ৮৬ বছর আগে প্রথম প্রকাশিত হয়। ওই সময় বইটি মাত্র ১০ সেন্টে পাওয়া যেত। সুপারম্যানের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছিল বইটি।

হেরিটেজ অকশনসের ভাইস প্রেসিডেন্ট ব্যারি স্যান্ডোভাল বলেন, সুপারম্যান ও অ্যাকশন কমিকস নাম্বার ওয়ান না থাকলে কে জানে কমিকসের স্বর্ণযুগ কখনও আসত কি না।

কমিকটি অনেক বছরের পুরোনো হলেও এখনও ভালো রয়েছে। বইটির রং ও প্রচ্ছদ এখনও অক্ষুণ্ন। হেরিটেজ অকশনস জানিয়েছে, প্রথমে মুদ্রিত দুই লাখ বইয়ের মধ্যে কেবল ১০০টি বই ঠিক আছে বলে ধারণা করা হচ্ছে।

দুই বন্ধু জেরি সিগেল ও জো শস্টার কমিকের গল্প লেখেন। গল্পে সুপারম্যানকে ক্রিপটন নামের একটি ফিকশনাল গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হয়। সে ধীরে ধীরে সুপারম্যান হয়ে ওঠে এবং নানা ধরনের বিপত্তি থেকে এই গ্রহকে বাঁচায়। পৃথিবীতে লোইস লেনকে দেখা যায় সুপারম্যানের ভালোবাসার মানুষ হিসেবে।

মূল্যবান এই কমিকের আলাদা আলাদা পৃষ্ঠাগুলোর দাম নিলামে ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে। অন্য অনুলিপিগুলোও রেকর্ড দামে বিক্রি হয়েছে, যার মধ্যে ২০২১ সালে একটি কমিকের মূল্য ৩ দশমিক ২৫ মিলিয়ন বা ৩২ লাখ ৫০ হাজার ডলারে গিয়ে ঠেকে এবং সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল কমিক হয়ে ওঠে।

সিজিসি কমিকস অনুসারে, একই বছর স্পাইডার-ম্যানের প্রথম কমিকটি বিক্রি হয় ৩ দশমিক ৬ মিলিয়ন বা ৩৬ লাখ ডলারে। স্পুারম্যানের কমিকটি স্পাইডার-ম্যানের কমিককেও ছাড়িয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকদের কাছে দারুণ খ্যাতি পায় সুপারম্যান।  সুপারম্যানকে নিয়ে পরবর্তী সময়ে আরও অনেক কমিকের পাশাপাশি ব্লকবাস্টার সিনেমা, বই, খেলনা ও অন্যান্য সামগ্রী বানানো হয়েছে। এসবের মাধ্যমে সুপারম্যান চরিত্রটি হয়ে ওঠে অনন্য।