রেডডট ডিজিটালের সঙ্গে জেনেক্স ইনফোসিসের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগী কোম্পানি রেডডট ডিজিটাল লিমিটেডের সঙ্গে কৌশলগত ব্যবসার চুক্তি অনুমোদন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চুক্তির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের পরিষেবা দেওয়ার জন্য ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম একত্র করে ‘বিঞ্জ’ নামে একটি ভিডিও-স্ট্রিমিং পরিষেবা চালু করবে। জেনেক্স ইনফোসিসের ‘বিঞ্জ’ বাংলাদেশের প্রথম গুগল স্বীকৃত অনলাইন ভিডিও-স্ট্রিমিং পরিষেবা।

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জেনেক্স ইনফোসিস লিমিটেডকে এ জাতীয় সেবা পরিচালনার জন্য আইপিটিভি লাইসেন্স দিয়েছে। আইপিটিভি এবং এ সম্পর্কিত অন্য কৌশলগত পরিষেবা প্রদানের মাধ্যমে জেনেক্স ইনফোসিসের বছরে ৫ কোটি টাকা আয় হবে।