শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা ১৫-১৯ মার্চ

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আগামী ১৫ থেকে ১৯ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা (৭০ থেকে ৮০ শতাংশের বেশি) রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ওই সময়ে কৃষকদের জন্য করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, কালবৈশাখী ঝড়ের কারণে ওই সময় দেশের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে।

ওই সময় ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যেহেতু সম্ভাব্য কালবৈশাখী ঝড়টি এ মৌসুমের প্রথম ঝড় হবে, তাই সম্ভাব্য এ ঝড় থেকে বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে, তবে প্রচণ্ড রকমের ধূলিঝড় হবে। সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ ও ১৮ মার্চ। ১৫ মার্চের আগেই দু-একটি জেলায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। তবে দেশব্যাপী কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে কৃষকদের জন্য পরামর্শ হিসেবে তিনি বলেছেন, আলু ও সরষে তুলে ফেলার মতো হলে তা শিগগির ১৪ মার্চের মধ্যে তুলে ফেলা উত্তম হবে। অন্যান্য কৃষিশস্যের জন্য নিজ এলাকার কৃষি অফিসার বা ব্লক সুপারভাইজারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান তিনি।