নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে আরও দুটি বেসরকারি ব্যাংকের অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০১টি। নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের একটি রাজশাহীতে, যার নাম ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ এবং আরেকটি পার্বত্য জেলা বান্দরবানে, যার নাম দেওয়া হয়েছে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’।
গতকাল নতুন এই দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। তিনি বান্দরবান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।
অন্যদিকে রাজশাহীর শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএম শামসুল হক। তিনি সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে।
২৩টি শর্তে এই দুটি বিশ্ববিদ্যালয়কে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া ভবন থাকা, বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১, কিন্তু কমপক্ষে ৯ সদস্যবিশিষ্ট বোর্ড গঠন করতে বলা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সবশেষে খুলনা ও রাজশাহীতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছিল সরকার।
নতুন অনুমোদন পাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে সরকার ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। ১১টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে সম্প্রতি সরকারের কাছে নতুন করে সময় চেয়েছে। এর মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আবার শিক্ষা বাণিজ্য ও সনদ বিত্রিরও অভিযোগ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সেগুলো হলোÑবিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ‘রওশন এরশাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার ‘সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব বাংলাদেশ’, সংসদ সদস্য শামসুল আলম ভূঁইয়ার ‘অ্যাপোলা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ‘সাউথ রিজন ইউনিভার্সিটি’, ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইনের ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’ এবং বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি সঙ্ঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর ‘ইউনিভার্সিটি অব অতীশ দীপঙ্কর বজ যোগিনী’। এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

Print Date & Time : 24 May 2026 Sunday 3:46 am
শত ছাড়াল বেসরকারি বিশ্ববিদ্যালয়
পত্রিকা ♦ প্রকাশ: