শাহ আমানতে খেলনা গাড়ির ভেতর মিলল স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীর কাছে থাকা খেলনা গাড়ির ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা যাত্রীর লাগেজ স্ক্যান করে ওই খেলনার ভেতরে স্বর্ণের বারের অস্তিত্ব পান বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামে ওই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সালাউদ্দিন রিজভী বলেন, ‘ওই যাত্রীর লাগেজে থাকা খেলনা গাড়ির ভেতরে লিথিয়াম ব্যাটারির কার্বনের সঙ্গে কালো রংয়ের টেপ দিয়ে বিশেষ কায়দায় লাগানো অবস্থায় স্বর্ণের বারগুলো ছিল। ব্যাটারি খুলে বারগুলো জব্দ করা হয়।’

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন প্রায় এক কেজি ১৭০ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।