Print Date & Time : 16 May 2026 Saturday 1:53 am

শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতা

শোবিজ ডেস্ক: সুন্দরীদের সবেচেয়ে কাক্সিক্ষত আসর আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে সুন্দরী খোঁজার এ প্রতিযোগিতা। ২০১৭ সাল থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের কাজটি করছে অন্তর শোবিজ। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী এখন পরিচিত মুখ। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তারা। এবার যিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হবেন, তিনি ৬৯তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯। নভেম্বরের মাঝামাঝি দেশসেরা প্রতিযোগীকে পাঠানো হবে লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আসরে। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে বিজয়ীর মাথায় স্বপ্নের মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী ভেনেসা পঁসে দে লিওঁ। ২০২০ সালে মিস ওয়ার্ল্ডের ৭০তম আসর বসবে থাইল্যান্ডে। প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরে পাঠানো হয়। আর ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সর্বশেষ অনুষ্ঠানে ইতিহাস গড়েন বাংলাদেশের ঐশী। প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের সম্ভাবনাও তৈরি করেছিলেন তিনি। হেড টু হেড চ্যালেঞ্জে দুই দশমিক দুই বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেওয়া হয়। যেখানে ২০ প্রতিযোগীর প্রত্যেকে ৯০ সেকেন্ড সময়ের মধ্যে বিচারকদের জানিয়েছেন তাদের স্বপ্ন আর ইচ্ছার কথা। ঐশীর স্বপ্ন আর ইচ্ছার কথা শুনে বিচারকেরা মুগ্ধ হন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে ছিল ঐশীর অবস্থান। গত পর্বের বাংলাদেশের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও ব্যারিস্টার ফারাবী। আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। এবার বিচারক হিসেবে কারা থাকছেন তা এখনও নির্ধারণ করা হয়নি।