প্রতিনিধি, শেরপুর: শেরপুরে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে সম্প্রতি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন এবং শ্রীবর্দী উপজেলা হাসপাতালে ৮ জন ও ঝিনাইগাতি হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন রোগী ভর্তি হয়েছে ১৭ জন। গত বুধবার সদর হাসপাতালে রোগী ভর্তি ছিল ৩১ জন এবং তার আগে মঙ্গলবার ভর্তি ছিল ২৫ জন রোগী।
এখানে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ করে নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে এদের বেশির ভাগই তাদের কর্মক্ষেত্র ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে ভর্তি হচ্ছে বলে রোগী সূত্রে জানা গেছে।
ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানায়, হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা নিতে রোগীদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি।
ডেঙ্গু নিয়ে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হলেও ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই। পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। রোগীদের সেবা দিতে আমাদের পর্যাপ্ত ডাক্তার, নার্স, ডেঙ্গু পরীক্ষার কীট ও ওষুধ রয়েছে। এছাড়া সচেতনতা প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে তিনি জানায়।




