Print Date & Time : 19 April 2026 Sunday 8:49 pm

শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তাবলীগ জামাত আয়োজিত দ্বিতীয় পর্বের ইজতেমা। রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন। হেদায়েতি বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ মনসুর।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা ইজতেমার মাঠে উপস্থিত হন। সবাই আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন, করছেন পাপ থেকে মুক্তির মিনতি। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।