রুপম আচার্য্য, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২তম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ মিলনায়তনে এ নিলাম অনুষ্ঠিত হয়। এবার চায়ের কোয়ালিটি ভালো থাকায় কেদারপুর চা বাগানের চা পাতা সর্বোচ্চ দামে বিক্রি হয়, যার প্রতি কেজি মূল্য ছিল ৩৬৮ টাকা।
চট্টগ্রামের বড় ক্রেতারা আসায় দাম যেমন ভালো ছিল, তেমন প্রচুর চা পাতাও বিক্রি হয়েছে। এদিকে চা সংশ্লিষ্টরা জানান, স্থানীয় ক্রেতারা সংঘবদ্ধ হয়ে চা পাতা কিনছেন না। তারা শ্রীমঙ্গল থেকে পাতা না কিনে চট্টগ্রাম থেকে চা পাতা কিনছেন। অন্যদিকে চট্টগ্রামের ব্রোকার্সরা শ্রীমঙ্গল নিলামে শুধু চা পাতা বিক্রি করে যাচ্ছেন, কিনছেন না, যার কারণে খুব কম পাতা বিক্রি হচ্ছে এবং এতে হুমকির মুখে পড়েছে শ্রীমঙ্গলের
নিলাম কেন্দ্রটি।
জানা যায়, শ্রীমঙ্গলের চারটি ও চট্টগ্রামের ছয়টি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৫০ জন ক্রেতা নিলামে অংশগ্রহণ করেন। এতে দুই লাখ ৬৩ হাজার ৫৩৫ দশমিক ৯০ কেজি চা পাতা নিলামে ওঠে, যার বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি ২৭ লাখ সাত হাজার ১৮০ টাকা।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ৮০ হাজার ৫২৪ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে ওঠে এবং বিক্রি হয় ৪০ হাজার ৩০৭ দশমিক ৬০ কেজি চা, যার বাজারমূল্য ছিল ৬২ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা।
জানা যায়, দেশে গত বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়, যা ছিল ৯৬ দশমিক ৫১ মিলিয়ন কেজি। এ বছর লক্ষ ধরা হয়েছে ১০০ মিলিয়ন কেজি। চায়ের সিংহভাগ উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়। এখানে অধিকাংশ চা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চা বিক্রির জন্য অনুমোদিত পাঁচটি ব্রোকার্স হাউস ও স্থানীয় ব্যবসায়ীরা জড়িত রয়েছেন।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি চেরাগ আলি বলেন, ‘নিয়মিতভাবে চট্টগ্রামের ব্রোকার্সরা এলে ভালো চা পাতা পাওয়া যায় এবং ব্রোকাররা চা পাতা কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
শ্রীমঙ্গলস্থ টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার শেয়ার বিজকে জানান, ‘আজ ১২তম চা নিলামে চট্টগ্রাম ও শ্রীমঙ্গল মিলিয়ে প্রায় দুই লাখ ৬৬ হাজার কেজি চা পাতা নিলামে ওঠে। অধিকাংশই বিক্রি হয়ে গেছে এবং মোটামুটি দাম ভালোর দিকে যাচ্ছে, দাম বাড়ছে। তবে গত তিন-চারটা নিলামের তুলনায় এ নিলামে চা পাতার কোয়ালিটিটাও ভালো ছিল। নিলামে ক্রেতাদের মধ্যে আগ্রহ ছিল, বেশ পরিমাণ চা পাতা কিনেছে। এ নিলামে প্রতি কেজি চা পাতা সর্বোচ্চ ৩৫০ টাকা এবং সর্বনি¤œ ১১০-১৫ টাকা দরে বিক্রি হয়েছে।’
জানা যায়, ‘২০২২-২৩ অর্থবছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩ দিন চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে ১৭টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ছয়টি নিলাম হবে।
উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র যাত্রা করে ২০১৮ সালের ১৪ মে। পাঁচ বছর ধরে চলছে নিলাম কেন্দ্রটি।’
