প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। সঞ্চয়ের টাকার জন্য দুদিন ধরে দিনভর সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেছেন সঞ্চয়কারীরা। সমিতির অফিস বন্ধ এবং সোবহানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
শহরের বটতলা এলাকার মোবাইল ব্যবসায়ী মাসুদ জানান, উপজেলার নারায়ণপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি সঞ্চয় এবং ঋণদান সমবায় সমিতি খুলে প্রায় তিন হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনিও ওই সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন।
সমিতির কার্যক্রম ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই শুক্রবার রাতে সোবহান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সমিতির সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোবহান পালিয়ে যায়।
সমিতির সদস্য মেহেদী বলেন, সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন। এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। তবে শনিবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।
