নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় দেশের সড়ক এবং মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে গতকাল সোমবার এসব কথা বলেন তিনি।
সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে। কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার নির্দিষ্ট ম্যাপ এবং স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে। একই সঙ্গে হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া এবং চাঁদাবাজি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যাত্রী এবং পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
ঢাকা থেকে বের হওয়ার পথে যানজট সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, হানিফ ফ্লাইওভারে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন টোল আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার পরিকল্পনা নেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ঈদের যাত্রায় নানা অনিয়ম থাকলেও আমরা তা অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। এবারের ঈদযাত্রা যেন মানুষের জন্য নিরাপদ ও আনন্দময় হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।
এ সময় টোল প্লাজায় যানজট নিয়ে প্রশ্নের জবাবে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রনিক টোল সিস্টেম চালু করা হচ্ছে, যাতে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে অগ্রসর হতে পারে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




