Print Date & Time : 26 April 2026 Sunday 9:42 am

সহজ হলো আইটি সেবা রপ্তানিতে নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার ডলারের সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সহায়তা প্রাপ্তিতে টেলি ট্রান্সফার (টিটি) বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্য সূত্রের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। এক্ষেত্রে পাঁচটি শর্ত পরিপালন করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি কার্যক্রম হতে হবে এবং যথাযথ ডকুমেন্ট থাকতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মার্কেটপ্লেসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যাংক শাখাকে সংশ্লিষ্ট ওয়েবলিংক সরবরাহ করবে। একই সঙ্গে ব্যাংক শাখাকে আন্তর্জাতিক মার্কেটপ্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ওয়েবলিংকসহ তথ্য সংগ্রহ ও তা যাচাই করে নিশ্চিত হতে হবে। রপ্তানি আয় বাবদ প্রাপ্ত অর্থের স্বপক্ষে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত ইনভয়েস কনফার্মেশন প্রিন্ট আউট আবেদনপত্রের সঙ্গে দাখিলসহ ওই দলিলাদি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অডিট ট্রেইলের ওয়েব লিংক আবেদনকারী প্রতিষ্ঠান প্রদান করবে। সার্কুলার জারির তারিখ থেকে দাখিলকৃত নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকরী হবে বলে সার্কুলারে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন নির্দেশনা ফ্রিল্যান্সারদের নগদ সহায়তা প্রাপ্তিতে সহায়ক হবে। সার্কুলারটি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।