Print Date & Time : 19 April 2026 Sunday 4:50 pm

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

প্রতিনিধি, সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় মো. মোমেন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন।

এর আগে, গতকাল ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার গাজিরচটের দক্ষিন বাইপাই এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), মো. হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলার মো. রফিকের ছেলে মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজিরচটের আনোয়ার হোসেন আনুর ছেলে মো: আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো: ইব্রাহিম (৪৮) ও দক্ষিণ গাজীরচটের মৃত সোহেল মিয়ার ছেলে মো: রমজান (২৬)। এ ঘটনায় প্রধান অপরাধী রুবেল পলাতক রয়েছে।

নিহত মোমেন মিয়া আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার মৃত আজাহারের ছেলে মোমেন (২৮)। তিনি সাত মাসের এক সন্তানের জনক।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় রুবেলের নেতৃত্বে গ্রেপ্তাররা মোমেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় মোমেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিহতের শরীরের কাঁধে ও পিঠে একাধিক গভীর ক্ষত রয়েছে। এঘটনা গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।