Print Date & Time : 19 April 2026 Sunday 11:57 am

সিআরআর কমল, বাড়বে ব্যাংকের ঋণ দেয়ার ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৪৪ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকও দৈনিক ভিত্তিতে টাকা ধার দেয়া বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো, আজ থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই চলবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঋণের শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মুদ্রানীতি কাঠামো আধুনিকায়নের পরামর্শ দিয়েছে। এর ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকগুলো এখন দৈনিক ভিত্তিতে টাকা ধার নেয়ার সুযোগ পাচ্ছে না। সামনে ১৪ দিন ও ২৮ দিন মেয়াদেও টাকা ধার নিতে পারবে না। ফলে দৈনিক জমা কমিয়ে এনে দুই সপ্তাহ ভিত্তিতে জমা আগের মতো রাখা হয়েছে।
এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সব তফসিলি ব্যাংককে (ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দুই সপ্তাহের গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা রাখতে হয়। তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫ মার্চ থেকে পরিবর্তিত হার কার্যকর হবে।
নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দুই সপ্তাহের গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে ১৪ দিনের রেপো বন্ধ হবে। ফলে ব্যাংকগুলো সপ্তাহে ১ দিন গতকাল শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে।