Print Date & Time : 22 April 2026 Wednesday 10:34 pm

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত মুজিবর গাজীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুলী খাল সংলগ্ন সুন্দরবনের গহীন বন থেকে বাঘের আক্রমণে নিহত মুজিবর গাজীর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

কৈখালী ও কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ১২ ঘন্টা অভিযান শেষে মঙ্গলবার সকালে (২১ ডিসেম্বর) নিহতের মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর গাজী।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। ১২ ঘন্টার অভিযানের এক পর্যায়ে সুন্দরবনে ভিতর হতে মুজিবর গাজীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইনের নিয়মে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।