Print Date & Time : 26 April 2026 Sunday 1:41 am

সুমাত্রায় ভূমিকম্পে নিহত ২

শেয়ার বিজ ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ছয় দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে দ্বীপটির বিভিন্ন অঞ্চল। খবর: এএফপি, এনডিটিভি।

প্রথমবার ভূকম্পনের পর তারা যখন বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেন, ঠিক সেসময় দ্বিতীয়বার আঘাত হানে আরও একটি বড় ধরনের ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, পশ্চিম সুমাত্রা প্রদেশের বুকিটিংগি শহর থেকে ৭০ কিলোমিটার দূর থেকে আঘাত হানে এটি। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার পর্যন্ত।

এদিকে কুয়ালালামপুরের কাছে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূকম্পনটি হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালেও সুমাত্রার উপকূলে ৯ দশমিক এক মাত্রার ভূমিকম্পে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল। এতে দুই লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি হয়, যার মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ মারা গিয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই।