Print Date & Time : 14 May 2026 Thursday 9:23 pm

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়লেও ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে পাঁচ হাজার ১২৬ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে এক হাজার ১৪৫ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে এক হাজার ৮৯৬ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৫ কোটি ৭১ লাখ টাকা কমেছে। এদিন ১২ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫২০টি শেয়ার এক লাখ ২৩ হাজার ৩২০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৭৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ১২ কোটি ৭২ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১০ কোটি ১৫ লাখ, অগ্নি সিস্টেমস লিমিটেডের ৮ কোটি ৭৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ৫৩ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৬ কোটি ৯৯ লাখ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬ কোটি ৯৫ লাখ, মালেক স্পিনিং মিলস পিএলসির ৬ কোটি ৭৩ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৬ কোটি ১৭ লাখ ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ১২ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৬৫ শতাংশ, ফার কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৫৮ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৩ দশমিক ৯৫ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৯৪ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ৯২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৪৯ দশমিক ৭৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৩৭৫ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি ২৮ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ২ লাখ টাকার।