Print Date & Time : 26 April 2026 Sunday 2:37 am

সোনালী আঁশের ঋণমান ‘এ প্লাস’ ও ‘এসটি-৩’

নিজস্ব প্রতিবেদক : পাটশিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ প্লাস’ আর স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২১ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

পাটশিল্প খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি  ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন দুই কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৮ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৭ লাখ ১২ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক পাঁচ দশমিক ৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ার।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীর জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৩ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৬৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা (ঘাটতি)। এর আগে ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা এবং ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৫৩ পয়সা। আর এ হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে চার টাকা ৬৯ পয়সা।