Print Date & Time : 21 April 2026 Tuesday 10:17 am

সোনালী পেপারের ফয়েল পেপার বক্সের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক: অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির নতুন প্রডাক্ট লাইনে গত সোমবার (২৯ আগস্ট) থেকে কোম্পানিটির এই পেপার বক্স উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারের পরিচালনা পর্ষদ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন উৎপাদন লাইন স্থাপনের ঘোষণা দেয়। আর সেই নতুন উৎপাদন লাইন স্থাপনের পর গত ২৯ আগস্ট থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে। সোনালী পেপারের এই নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে। আর বছরে এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত আয় সম্ভব হবে।

অন্যদিকে, নতুন এই উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করা কোম্পানিটির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৯৮ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানির ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৯০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬৭ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার।