Print Date & Time : 24 May 2026 Sunday 11:37 pm

স্বপ্নিল চৌধুরী

মানজারুল ইসলাম রানাকে নিয়ে রচিত ‘জার্সি নম্বর ৯৬’ বইটির কথা মনে পড়লে স্বপ্নিল চৌধুরির নামটা চোখে ভেসে ওঠে। বইটিকে স্বপ্নিল চৌধুরী দারুণভাবে উপস্থাপনা করেছেন। ‘অমর একুশে গ্রন্থমেলা, ২০১৯’-এ বিভিন্ন মহলে বইটি আলোচনায় ছিল।

স্বপ্নিল চৌধুরীর বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়। তার মা গৃহিণী। বাবা ব্যবসার সঙ্গে জড়িত। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। ভালো ক্রিকেট খেললেও ভাগ্য সহায় হয়নি। তাই মন দিয়েই শেষ করছেন লেখাপড়া। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ শেষ করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত।

লেখাপড়ার শেষ না হতেই তিনি পা রেখেছেন কর্মজীবনে। বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে (ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠান) মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির পাশাপাশি আঁধারে আলো সংগঠন নামে একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জাপানের চ্যালেঞ্জ ওয়ার্কের সঙ্গেও জড়িত। এটা জাপানের রোটারি

ইন্টারন্যাশনাল ক্লাবের প্রোগ্রাম।

লেখাপড়া পাশাপাশি অভিনয়ের প্রতিও ঝোঁক রয়েছে এ তরুণের। ছেলেবেলা থেকে প্রতি বছরই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অভিনয়ে প্রথম স্থান অর্জন করে আসছেন। ২০০৭ সালে উপজেলাভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। বর্তমানে চারুনীড়ম থিয়েটারের (গাজী রাকায়েত হোসেন পরিচালিত) সঙ্গে যুক্ত রয়েছেন। এ থিয়েটারের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকে অংশ নেন তিনি। বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন।

প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানাকে নিয়ে রচিত ‘জার্সি নম্বর ৯৬’ স্বপ্নিল চৌধুরীর রচিত প্রথম বই। বইটিতে মানজারুল ইসলাম রানার শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত উল্লেখযোগ্য স্মৃতি ও ঘটনাগুলো তুলে ধরেছেন এ বইটিতে। এতে মানজারুল ইসলাম রানার কাছের বন্ধু মাশরাফি বিন মর্তুজা ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সাক্ষাৎকার রয়েছে। বইটির গ্রন্থকথন সাজানো হয়েছে মাশরাফি বিন মর্তুজা ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবুর স্মৃতিচারণ দিয়ে। ভবিষ্যতে আরও অনেকের জীবনী নিয়ে লেখার ইচ্ছা আছে তার। জীবনটাকে সেভাবেই সাজিয়ে নিচ্ছেন।

শত ব্যস্ততার মধ্যেও লেখাপড়া শেষ করতে চান এ তরুণ। স্বপ্নিল চৌধুরী এমবিএ শেষ করে ডাবল মাস্টার্স আর পিএইচডি দেশের বাইরে করার ইচ্ছা পোষণ করেন। পাশাপাশি অভিনয় ও লেখালেখির ভুবনে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে চান এ প্রতিভাবান তরুণ।

 ইমরান হোসেন