Print Date & Time : 21 April 2026 Tuesday 6:40 am

হজের জন্য আজ ও কাল ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১৬ ও ১৭ জুন) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাসমূহ সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন ২০২৩ সাপ্তাহিক ছুটির দিন নির্ধারিত ব্যাংক সময় (সকাল ১০টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

ফ্লাইটসূচি অনুযায়ী, আগামী ২২ জুন সৌদি আরবে হজযাত্রার শেষ ফ্লাইট যাবে। আর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই, শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন বা ২৮ জুন পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন।