হঠাৎ যমুনার পানি বৃদ্ধি, তলিয়ে গেছে দুই শতাধিক হেক্টরের বাদাম ক্ষেত

প্রতিনিধি, সিরাজগঞ্জ : হঠাৎ যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের শত শত বিঘা বাদাম ক্ষেত তলিয়ে গেছে। বাদামচাষিরা পরিবারের সদস্যদের নিয়ে তলিয়ে যাওয়া বাদাম তোলার চেষ্টা করছেন। কিছু স্থানে চাষিরা তলিয়ে যাওয়ার ভয়ে আধা পাকা বাদামও তুলে ফেলছেন। এ অবস্থায় বাদাম চাষে চরম লোকসানের আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে শনিবার দুপুরে উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা, খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন চর এলাকা থেকে অনেক কৃষককে কোমরপানিতে নেমে বাদাম তুলতে দেখা গেছে। চৌহালী উপজেলা কৃষি অফিস জানায়, যমুনার জেগে ওঠা চরে প্রায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়। কৃষকরা কিছুদিনের মধ্যেই বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হঠাৎ যমুনা নদীতে পানি বৃদ্ধিতে চরের নিচু এলাকার বাদামের ক্ষেত তলিয়ে যায়। এতে প্রায় এক হাজার ৯০০ মণ বাদাম নষ্ট হয়েছে, যা দুই শতাধিক হেক্টর জমির ফসল। এ কারণে ওই এলাকার শতাধিক কৃষক চরম দুশ্চিন্তায় পড়েছেন।

সন্তোষা চরের কৃষক জয়নাল আবেদীন জানান, এ বছর বাদামের ভালো ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ পানি আসায় অনেক জমির বাদাম নষ্ট হয়ে গেছে। কোমরপানিতে নেমে অপরিপক্ব বাদাম তুলতে হচ্ছে। ভবিষ্যতে সঠিক সময়ে কৃষি প্রণোদনার বীজ বিতরণের দাবি জানাই।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, হঠাৎ যমুনায় পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের কৃষকদের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে। বাদাম ক্ষেত নষ্ট হওয়ায় বহু কৃষক এ বছর লোকসানের মুখে পড়বে। সরকারিভাবে তাদের সহায়তার দাবি করেছেন তিনি।

চৌহালী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হুরাইয়া জানান, পানিতে চরাঞ্চলের বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার সংবাদ পেয়েছি। অনেক কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে। সরকারি সহায়তাসহ বিশেষ প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সহায়তা এলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।