নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সাদিয়া আফরিন উর্মি (২২) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি তিতুমীর কলেজে অনার্স (মার্কেটিং) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বড় বোন আইরিন আক্তার রিমির বিবাহবার্ষিকী উপলক্ষে দুটি মোটরসাইকেলযোগে তারা চারজন ৩০০ ফিট এলাকায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ফ্লাইওভারের সায়দাবাদ অংশে একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিয়ার।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নতুন কামালপুর গ্রামের আব্দুর রাশিদের দুই মেয়ের মধ্যে ছোট ছিলেন সাদিয়া। বর্তমানে ধোলাইপাড় এলাকায় দনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহত বোনের দেবর নাজমুল জানান, মোটরসাইকেলে সাদিয়াকে নিয়ে তিনি ৩০০ ফিট যাচ্ছিলেন। আরেক মোটরসাইকেলে ছিলেন রিমি ও তার স্বামী হƒদয়।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই কলেজছাত্রীর। বাস জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাদিয়াকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
