প্রতিনিধি, হাবিপ্রবি (দিনাজপুর) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস) বাংলাদেশের আয়োজনে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. ইয়াছিন প্রধান, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মান), ইয়াস এশিয়া প্যাসেফিক এর রিজিওনাল ডিরেক্টর রাবি রাউত (নেপাল)। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইয়াস এর প্রধান উপদেষ্টা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, এগ্রিকালচারাল সেক্টরে তরুণদের কাজ করার মতো অনেক ক্ষেত্র আছে। এই কনফারেন্সগুলো শিক্ষার্থীদের অনেক সহযোগিতা করবে এবং তরুণরা এগ্রিকালচারের উন্নয়নের জন্য কাজ করতে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে কৃষি ও কৃষি বিষয়ক শিক্ষার্থীরা একটি উপকারী জ্ঞান অর্জন করবে বলে আমি আশা করি। তারা চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম কারিগর হয়ে উঠবে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলবে।




