Print Date & Time : 20 April 2026 Monday 12:18 pm

হাসপাতালে আরও ৯০ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে বর্তমানে সারাদেশে মোট ৭৭৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৭৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫২ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ৪৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৬৪৯ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৬৪৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ১৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ছয়জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে কভিড মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।