প্রতিনিধি, হিলি (দিনাজপুর) :দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে বেড়েছে জিরার দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি জিরার দাম বেড়েছে কেজিতে ১৪০ টাকা। দুই সপ্তাহ আগে যে জিরা বিক্রি হয়েছিল ৯৬০ টাকা কেজি দরে, সেই জিরা আজকে বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি দরে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জিরার ওপর সরকার শুল্ককর দ্বিগুণ করাতে দাম বৃদ্ধি হচ্ছে। অপরদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষরা। গতকাল রোববার হিলি বাজারে গিয়ে এ-তথ্য পাওয়া যায়।
মসলা বিক্রেতা সবুজ হোসেন বলেন, ‘কোরবানির ঈদ থেকেই জিরার দাম বাড়তে শুরু করেছে। কোরবানি ঈদের আগে আমরা জিরা বিক্রি করছিলাম ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। তারপর ঈদে বিক্রি করছি ৯০০ টাকা কেজি দরে। আর এখন বিক্রি করছি ১০৯০ থেকে ১১০০ টাকা কেজি দরে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি। শুল্ককর দ্বিগুণ করাতে দাম বৃদ্ধি হচ্ছে। ’
হিলি আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, ‘বর্তমান জিরার শুল্ককর দ্বিগুণ ১৮৫০ ডলারের পরিবর্তে সরকার বৃদ্ধি করেছেন ৩৬০০ ডলারে। যার কারণে ক্ষতিতে আমদানিকারকরা। এর আগে জিরার শুল্ককর দ্বিগুণ করায় ১০ থেকে ১২ দিন বন্দরে খালাসের অপেক্ষায় আটকে ছিল। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় জিরা খালাসের কার্যক্রম। তবে বর্তমান দ্বিগুণ শুল্কায়নে আমদানি করা হচ্ছে জিরা। তাই এর প্রভাবটা দামের ওপর পড়ছে।’
হিলি বাজারে জিরা কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, ‘বাজারে মসলা কিনতে আসছি, কিন্তু জিরার দাম শুনে মাথা ঘুরে গেল। এর আগেও ৯৬০ টাকা কেজি দরে কিনেছিলাম। আজ তা ১১০০ টাকা কেজিতে কিনতে হলো। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ ক্রেতাদের কী অবস্থা হবে?। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো যেন একটু কমিয়ে দেয়। ’
হিলি কাস্টমস সূত্রে, গেল বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ২টি ভারতীয় ট্রাকে ৬০ মেট্রিক টন।




