Print Date & Time : 26 April 2026 Sunday 12:30 pm

১০ বছরের কর অব্যাহতি চায় বাংলাদেশ-চায়না চেম্বার

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোনের উৎপাদন বাড়াতে ন্যূনতম ১০ বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এই প্রস্তাব দেন সংগঠনটির সদস্য ও শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রিয়াজউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, মোবাইল ফোন উৎপাদনে শতভাগ বিদেশি বিনিয়োগনির্ভর প্রতিষ্ঠানকে ন্যূনতম ১০ বছরের কর অব্যাহতি দেয়া হলে মোবাইল ফোন উৎপাদন শিল্পে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়বে। মেড ইন বাংলাদেশ ট্যাগে আরও অনেক বিদেশি ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন হবে ও কর্মসংস্থান বাড়বে বলেও তিনি জানান। এছাড়া ইলেকট্রিক মোটরযান আমদানিতে শুল্কমুক্ত কিংবা শুল্ক কমানোর প্রস্তাব করেন তিনি। আলোচনায় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লুব্রিকেন্টের ট্যারিফ মূল্য নির্ধারণ করা ও সমপরিমাণ মূল্যসংযোজন কর উৎসে কর্তন না করারও প্রস্তাব দেন।

সংগঠনটি জানায়, বর্তমানে শিল্প খাতে আমদানি পর্যায়ে লুব্রিকেটিং অয়েলের প্রধান কাঁচামাল বেজ অয়েলে ট্যারিফ রেটে আমদানির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু বেজ অয়েল থেকে উৎপাদিত পণ্য বিপণনে কোনো ট্যারিফমূল্য নির্ধারিত নেই। ফলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অসামঞ্জতা তৈরি হচ্ছে। স্থানীয়ভাবে বিক্রয়মূল্যের ওপর একটি আলাদা ট্যারিফমূল্য নির্ধারণ করে এই অসমতা দূর করা যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেয় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (এটিএমএ)। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) প্রস্তাবে রয়েছেÑকরোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা, নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা সাড়ে তিন লাখের পরিবর্তে সাড়ে চার লাখ টাকা নির্ধারণ করা, সব নারী উদ্যোক্তার ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ এই দুই অর্থবছরের ভ্যাট-ট্যাক্স মওকুফ করা, নতুন নারী উদ্যোক্তাদের প্রথম তিন বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা ও ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা প্রভৃতি।