নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে টানা পতনের জেরে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে। সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচকের বড় পতন দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমে ৩১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত ১৫ মাসের মধ্যে সর্বনি¤œ। এর আগে গত বছরের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। অন্যদিকে বড় পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক শতাংশের বেশি কমেছে। আগের দিনের মতো গতকালও লেনদেনের শুরুতেই পতনের চিত্র দেখা যায়। তবে একেবারে শেষ মুহূর্তে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৭২ পয়েন্ট বা এক দশমিক ০২ শতাংশ কমে ৬ হাজার ১৫৩ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে এক হাজার ৩৪৮ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ কমে ২ হাজার ২১৩ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন ৪ হাজার ৯১৪ কোটি ২২ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ৯৮ কোটি টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা। এদিন ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৩৩০টি শেয়ার ৭৬ হাজার ১৯৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৮২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা। এরপর কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ১০ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ কোটি ২৬ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩০ পয়সা।
৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমরা সিমেন্ট লিমিটেডের দর ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২৯ দশমিক ৩৫ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে ১০ হাজার ৮২৪ দশমিক ০৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ১৮ হাজার ৬৬ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দর। সিএসইতে এদিন ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
