Print Date & Time : 19 April 2026 Sunday 10:45 pm

২০ হাজার সেনা হত্যার দাবি মিয়ানমার যোদ্ধাদের

শেয়ার বিজ ডেস্ক : ক্ষমতা দখলের পর গত এক বছরে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত ২ হাজার প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময় নিহত হয়েছে ২০ হাজার সেনা। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডুয়া লাশি লা এ দাবি করেন। খবর: রয়টার্স।

ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত এনইউজির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডুয়া লাশি লা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেক্সট সম্মেলনে এ কথা বলেন। এ সময় তিনি মিত্রদের সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

ডুয়া লাশি বলেন, আমি কখন আমার জীবন হারাব জানি না। সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর তা নির্ভর করছে। দেশের জন্য যেকোনো কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। তার দাবি, প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২০ হাজার সেনাকে হত্যা করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি’র সরকারকে জোরপূর্বক উৎখাত করে সামরিক বাহিনী। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন। দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সুচির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। সেই থেকে দেশটির ক্ষমতা জান্তার হাতে। তখন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে চরম অস্থিরতা চলছে। সামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে চলমান বিক্ষোভে দমনে সর্বশক্তি প্রয়োগ করছে জান্তা। এরপর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সামরিক জান্তার দমনপীড়ন বেড়ে গেলে একপর্যায়ে বিরোধী দলগুলো সশস্ত্র প্রতিরোধ গড়ে তুললে তাদের সঙ্গে যোগ দেয় বিদ্রোহী নৃগোষ্ঠীগুলোর লড়াইরত বাহিনীগুলো।

পর্যবেক্ষক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, গত ২ বছরে মিয়ানমারে ২ হাজার ৪০০ জন নিহত হয়েছে। মিয়ানমারের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের শিশুবিষয়ক একটি সংস্থা জানিয়েছে। অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) হিসাব অনুসারে, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।