Print Date & Time : 22 April 2026 Wednesday 6:44 pm

২৯ জুলাই পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৫ হিজরি। আগামী ২৯ জুলাই শনিবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৫ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১৯ জুলাই) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুলাই (১০ মহররম) শনিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।

কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে এক দিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।