‘৩৫’ এর দাবিতে ফের বিক্ষোভ, ছত্রভঙ্গে জলকামান

শেয়ার বিজ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে ফের বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলরতদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ লাঠিচার্জসহ জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’র ব্যনারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা ।

বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটেছে।

পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীরা ‘সভা-সমাবেশ নিষিদ্ধ জায়গায়’ সমাবেশ করার চেষ্টা করায় জনদুর্ভোগের কথা বিবেচনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শাহবাগে বুধবার সকালে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। ওই একই সময়ে এদিক জাদুঘরের সামনে যুবদলের একটি সমাবেশের জন্য কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শাহবাগ থানা থেকে তাদের বলা হয়, সেখানে আরেকটি সমাবেশ হবে। তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনায় তারা যেন টিএসসির দিকে সরে যায়।

এ সময় আন্দোলনকারীরা, ‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেছেন, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন।