Print Date & Time : 23 April 2026 Thursday 9:15 pm

৩৭ ডলার বেড়েছে মাথাপিছু আয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ৩৭ ডলার বেড়ে ২৫৫৪ ডলার থেকে ২৫৯১ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে চুড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার। যা সাময়িক হিসাবে ছিলো ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা বা ২৫৫৪ মার্কিন ডলার।  ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

মাথাপিছু আয় বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের পণ্য রপ্তানি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে ২৫ বিলিয়ন ডলার। এসব কারণেই মূলত অর্থনীতির আকার বেড়েছে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ওমিক্রনের সময়ও আমাদের রপ্তানি আয় বেড়েছে। ব্যক্তি বিনিয়োগ বেড়েছে ১৪ শতাংশ। রেভিনিউ ১৪ শতাংশ বেড়েছে। কাজেই এসব কারণেই মোট জিডিপির পরিমাণ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার কারণে আমাদের মাথাপিছু আয়ও বেড়েছে।

গত নভেম্বরে ২০২০-২০২১ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২৫৫৪ ডলারে দাঁড়িয়েছিলো বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এর আগে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।