শেয়ার বিজ ডেস্ক: স্পেন প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে। দেশটির অভিবাসীবিষয়ক মন্ত্রী এলমা সেজ রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিযেছেন। খবর: সিএনএন। এলমা সেজ বলেন, আমাদের সামনে দুটি বিকল্প রয়েছেÑ একটি মুক্ত ও উন্নত দেশ হিসেবে স্পেনকে বিশ্বের সামনে পরিচিত করা অথবা একে একটি বদ্ধ ও দরিদ্র দেশে পরিণত করা। আমরা প্রথম বিকল্পটি বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য আমাদের প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দেশে এখন যতসংখ্যক নথিবিহীন অভিবাসী রয়েছেন, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পার্মিট দেয়ার। এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর গড়ে ৩ লাখ অভিবাসীকে বৈধভাবে স্পেনে বসবাস ও কাজ করার সুযোগ দেয়া হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেচ এই বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জš§হার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এলমা জানান, যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে। প্রসঙ্গত, ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, সেসবের মধ্যে স্পেন অন্যতম। প্রতিদিন বিমান, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী ঢুকছেন স্পেনে। এ তালিকায় স্পেনের পাশে রয়েছে যুক্তরাজ্য এবং ইতালিও। সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে ১৯ হাজারের বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে। যুক্তরাজ্য ও ইতালি ইতোমধ্যে নথিবিহীন অভিবাসীদের তৃতীয় দেশে স্থানান্তরের জন্য চুক্তি করলেও স্পেন সে পথে হাঁটেনি।




