নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা করেছে বিএনপি। সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যে দ্রব্যমূল্যেরর দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই বিভাগীয় সমাবেশ ঘোষনা করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, নির্যাতনের প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ পালন করা হবে।
মির্জা ফখরুল বলেন, ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সেগুলো পরে আপনাদের জানিয়ে দেব।
তিনি বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, তখনি একটা পাল্টা প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ। আজ আমরা এখানে (নয়াপল্টন) প্রোগ্রাম করছি। অন্যদিকে আওয়ামী লীগের অফিসেও (গুলিস্তান) তাদের কিছু একটা চলছে। নিজেদের প্রতি তাদের আস্থার অভাব। এতো ভয়, বিএনপি প্রোগ্রাম করলে না জানি কী হয়ে যাবে। ওই ভয়ে নিজেরা প্রোগ্রাম দিয়ে বসে। আওয়ামী লীগের নিজেদের ওপর কোনো আস্থা নেই। সে জন্য তারা এই সব প্রোগ্রাম দেয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, বেগম সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।




