Print Date & Time : 21 April 2026 Tuesday 7:16 am

যুক্তরাজ্যের লিজ ট্রাসসহ ইউরোপে ১৫ নারী রাষ্ট্রপ্রধান

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ভোটাভুটিতে জয়ী হয়েছেন লিজ ট্রাস। তারপর দেশটির প্রধানমন্ত্রীর পদে বসেছেন তিনি। তিনি যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। ইউরোপে এ মুহূর্তে তিনি একা নন। ইউরোপের ৪৫টি দেশের মধ্যে ১৫টি দেশে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদে রয়েছেন নারীরা। খবর: সিজিটিএন।

যুক্তরাজ্যে মার্গারেট থ্যাচার ও টেরেসা মে’র পর লিজ ট্রাস তৃতীয় নারী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হলেন। নিজের দলে প্রতিপক্ষ ঋষি সুনাককে হারিয়ে তিনি প্রধানমন্ত্রী পদে বসেছেন।

ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সেও চলতি বছর প্রধানমন্ত্রী হয়েছেন একজন নারী। তার নাম এলিজাবেথ বোর্ন। ৩০ বছর পর সে দেশে এ পদে বসেছেন একজন নারী। তার

আগে দেশের শ্রমমন্ত্রী ছিলেন ৬১ বছর বয়সী এলিজাবেথ।

ডেনমার্কের প্রধানমন্ত্রী পদে রয়েছেন মেট ফ্রেডরিকসন। ২০১৯ সালের জুন থেকে তিনি ওই পদে আসীন। মাত্র ৪১ বছর বয়সে ডেনমার্কের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন সোশ্যাল ডেমোক্র্যাট নেত্রী। এর আগে এত কম বয়সে কেউ সে দেশের প্রধানমন্ত্রী হননি। মেটের আগে মাত্র একজন নারী এ পদে ছিলেন।

ইউরোপের আরেক দেশ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন ৪৫ বছরের কাজা কালাস। ২০২১ সালে এ পদে বসেন তিনি। ২০১৮ সাল থেকে শাসক দল রিফর্ম পার্টির নেত্রী কাজা। ২০১৯ সাল থেকে পার্লামেন্টের সদস্য। ইউক্রেন যুদ্ধে সে দেশের পাশে দাঁড়িয়ে নজর কেড়েছেন কাজা। সমরাস্ত্র পাঠিয়ে ইউক্রেনকে সাহায্যও করেছেন তিনি।

২০১৯ সাল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। মাত্র ৩৩ বছরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন সান্না। সেই থেকে শিরোনামে। তবে অনেক বিতর্কেও জড়িয়েছেন। তার উত্তাল পার্টি ও নৃত্যের ছবি দেখে আঙুল তুলেছিলেন রক্ষণশীলরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০২০ সালে বিয়ে করেন সান্না।

২০২০ সালের ১৩ মার্চ থেকে গ্রিসের প্রেসিডেন্ট পদে রয়েছেন ক্যাটরিনা সাকেল্লারোপোলু। ক্যাটরিনাই সে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। এ পদে বসার আগে গ্রিসের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের প্রধান পদে ছিলেন ৬৬ বছরের এ নেত্রী।

২০২২ সালে হাঙ্গেরির প্রেসিডেন্ট নির্বাচিত হন কাটালিন নোভাক। মাত্র ৪৪ বছরে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। তার আগে হাঙ্গেরির প্রেসিডেন্ট হননি কোনো নারী।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জেকবসডট্টির। ২০১৭ সাল থেকে ওই পদে রয়েছেন তিনি। মাত্র ৪১ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। এর আগে আইসল্যান্ডের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।

কসোভোর প্রেসিডেন্ট পদে রয়েছেন ভিজোসা ওসমানি। ২০২১ সালের ৪ এপ্রিল ওই পদে বসেছেন ৪০ বছরের ভিজোসা। আলবানিয়ান, ইংরেজি, তুর্কি, সার্বিয়ান ও স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি।

লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী পদেও রয়েছেন এক নারী। নাম ইনগ্রিডা সিমোনাইট। ২০২০ সালের ১১ ডিসেম্বর থেকে ওই পদে রয়েছেন এই অর্থনীতিবিদ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর পদও সামলেছেন তিনি।

২০২১ সাল থেকে মলডোভার প্রধানমন্ত্রী পদে রয়েছে নাতালিয়া গাভ্রিলিটা। এর আগে দেশের অর্থমন্ত্রী ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী। ৪৪ বছরের নাতালিয়া দেশের ১৫তম প্রধানমন্ত্রী ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী। মলডোভার প্রেসিডেন্ট পদেও রয়েছেন একজন নারী। তার নাম মাইয়া সান্ডু। ২০২০ সালের ডিসেম্বরে তিনি দেশের প্রেসিডেন্ট হন। তার আগে ২০১৯ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত তিনি ছিলেন মলডোভার প্রধানমন্ত্রী।

সার্বিয়ার প্রধানমন্ত্রী পদে রয়েছেন আনা বার্নাবিক। ২০১৭ সাল থেকে এ পদে রয়েছেন ৪৬ বছর বয়সী আনা। এর আগে সার্বিয়ায় প্রধানমন্ত্রীর পদে কোনো নারী বসেননি। সেদিক থেকে ইতিহাস গড়েছেন আনা। তিনিই প্রথম সমকামী প্রধানমন্ত্রী।

২০১৯ সাল থেকে সেøাভাকিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন জুজানা কাপুটোভা। দেশের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি। ৪৫ বছর বয়সে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন এ আইনজীবী তথা পরিবেশকর্মী।

২০২১ সাল থেকে সুইডেনের প্রধানমন্ত্রী পদে রয়েছেন মাগডালেনা অ্যান্ডারসন। অর্থনীতিবিদ মাগডালেনার বয়স ৫৫ বছর।