Print Date & Time : 15 May 2026 Friday 10:52 am

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে।

আজ শনিবার বেলা এগারোটায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপদানে উৎসাহ পাবে।

তিনি বলেন, এবার বোরোর ভাল ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভাল মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লক্ষ মেট্রিক টন। এরমধ্যে উৎপাদন হয় ১০ লক্ষ মেট্রিক। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানী করতে হয়। এরমধ্যে বেশির ভাগ আমদানীকারকই বেসরকারি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।