Print Date & Time : 21 April 2026 Tuesday 5:01 am

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিনিধি, ইবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষদ ভবন থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রতিটি অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন থেকে সাম্যরা যখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছিলেন, তখনই তাকে হত্যা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে শুধু ছাত্রদলের নেতাকর্মীরাই হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদলের একজন কর্মী হত্যার শিকার হলেন। আমরা অনতিবিলম্বে এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।