শোবিজ ডেস্ক: ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, অভিনেতা ও নির্দেশক সৈয়দ মহিদুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব’। পাঁচদিনব্যাপী এ উৎসব চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর এ উৎসবে প্রতিবারের মতো এবারও দেওয়া হবে মহিদুলের নামে প্রবর্তিত পদক। এবার পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় তিনি পদক ও সম্মাননা গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও নির্দেশক সাইফুল ইসলাম সোহাগ। এর আগে এ পদক পেয়েছেন জামিল আহমেদ, ফেরদৌসী মজুমদার, লিয়াকত আলী লাকি ও আতাউর রহমান। এ আয়োজন উপলক্ষে এবার দেশের ও দেশের বাইরের পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে শনিবার থিয়েটারের ‘দ্রৌপদী পরম্পরা’, রোববার ভারতের অনামী থিয়েটার সেন্টারের ‘আর একটি প্রেমের গল্প’, সোমবার থিয়েটার আর্ট ইউনিটের ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’, ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘তক্ষক’, গ্রন্থিক নাট্যগোষ্ঠীর ‘গিরগিটি’ মঞ্চস্থ হবে। এছাড়া পাঁচ জুটিকেও সম্মাননা দেবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। সম্মাননা পাচ্ছেন মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই, অভিজিৎ সেনগুপ্ত-দীপ্তা রক্ষিত, মোহাম্মদ আলী হায়দার-সামিনা লুৎফা নিত্রা, মৈথিলী গুহ-সীমান্ত মিত্র, মুমু মাসুদ-মাসুদ সুমন।




