ট্রাম্প-বাইডেন হাড্ডাহাড্ডি লড়াই, জয় দাবি দুই পক্ষেরই

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা এখনও চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

প্রথমদিকে ভোট শেষ হওয়া স্টেটগুলোতে তাদের প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছেন। সে কারণে এখন নজর দেওয়া হচ্ছে জয়-পরাজয় নির্ধারণে নিয়ামক হিসেবে ভূমিকা রেখে আসা ‘সুইং’ স্টেটগুলোর দিকে। এদিকে দুই পক্ষই দাবি করছেন তারাই জয়ের পথে। কিন্তু ব্যাপক মেইল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে।

মার্কিন বার্তা সংস্থা ব্লমবার্গের আভাস অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৮টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। বিপরীতে ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৩। তবে পিছিয়ে থাকলে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর বিবেচনায় ট্রাম্প আসলে এগিয়েই আছেন। ভোটের চেহারা বদলে দেওয়ার মতো অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভেদায় জয় পেতে যাচ্ছেন বাইডেন। 

অপরদিকে ক্যারোলিনার ইলেক্টোরাল ভোট ১৫টি, জর্জিয়ার ১৬টি, উইসকনসিনের ১০টি, পেনসেলভেনিয়ায় ২০টি, মিশিগানের ১৬টি। এই রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সে হিসেবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের সঙ্গে এগিয়ে থাকা পাঁচটি রাজ্যের মোট ৭৭টি ইলেক্টোরাল ভোট যোগ হয়ে গেলেই কাঙ্ক্ষিত ২৭০-এর নাগাল পেয়ে যাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

নির্বাচনে ভোটচুরির চেষ্টা চলছে বলে হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে অভিযোগ করেছেন ট্রাম্প। ভোট গণনা শেষ হওয়ার আগে তিনি জয়লাভ করছেন দাবি করে জানান, তিনি সুপ্রিম কোর্টেও যাবেন। তবে তিনি কেন সুপ্রিম কোর্টে তা জানাননি। ট্রাম্প বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি।’ ভোট গণনা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, মার্কিন নাগরিকদের সঙ্গে এটা প্রতারণা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির। এখনো পোস্টাল সিস্টেমে আসা ভোট গ্রহণ করা হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা সব ভোট বন্ধ চাই।’

মঙ্গলবারের পরও যেসব ভোট পোস্টের মাধ্যমে আসবে সেগুলো গ্রহণ করা বৈধ বলে জানিয়েছে রাজ্য নির্বাচন বোর্ড। এগুলো যথাসময়ে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাম্প এসব ভোট নিয়ে তাঁর আপত্তি জানিয়েছেন।

ট্রাম্প ভিত্তিহীনভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করলেও এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী তিনি পুনর্নির্বাচিত হয়েছেন বলা যায় না। কারণ, দোদুল্যমান অঙ্গরাজ্যের ব্যাপারে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। তবে ট্রাম্প যে এমনটা করতে পারেন, আগেই তার আভাস মিলেছিল।

৩১ অক্টোবর (শনিবার) নিউজ পোর্টাল অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প তার ঘনিষ্ঠজনদের বলেছেন, মঙ্গলবার রাতে যদি ‘এগিয়ে থাকার’ আভাস পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেবেন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের এই মন্তব্য শুনেছেন এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছিল অ্যাক্সিওস।

নির্বাচনের রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বলেছেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন। ‘সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী। আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।