সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুণ্ডুকুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত কালু মিয়া ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।

তবে ধর্মপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস) প্রার্থী ইলিয়াস চৌধুরী নিহত আনোয়ারকে তার সমর্থক বলে দাবি করছে।

এদিকে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ওসমানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে তিনি কিভাবে মারা গেছেন সেটি এখনো নিশ্চিত নই। শুনেছি স্ট্রোক করে মারা গেছে।

সাতকানিয়া থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই রমজান আলী বলেন, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।