সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে খাদ্য রপ্তানি বাড়াতে চায় আয়ারল্যান্ড

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবে ১০০ মিলিয়ন পাউন্ডের খাদ্য রপ্তানি করতে চায় আয়ারল্যান্ড। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি বাড়াতে চায় দেশটি। খবর: আরব নিউজ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ২০২৫ সালের মধ্যে সৌদি আরবে ১০০ মিলিয়ন পাউন্ডের রপ্তানি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়ারল্যান্ড। বিশেষ করে এ সময়ের মধ্যে খাদ্য ও পানীয় রপ্তানির ওপর গুরুত্ব দেয়া হবে।

এ পরিকল্পনা করেছে আইরিশ ফুড বোর্ড, যা বোর্ড বিয়া নামে পরিচিত। বোর্ডের তিন বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়ানো হবে। এ সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে আইরিশ খাদ্য ও পানীয় পাঠানো হবে, যাতে ডেইরি ও কনজুমার খাদ্য প্রাধান্য পাবে বলে এক বিবৃতিতে জানায় বোর্ড বিয়া। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, খাদ্য রপ্তানিতে ৩৮০ মিলিয়ন পাউন্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ২০২৫ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৮৫ মিলিয়ন পাউন্ড মূল্যের খাদ্য রপ্তানি করা হবে।

এই প্রকল্পের অগ্রগতি দেখতে ও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করতে এখন ইউএইয়ে সফর করছেন আয়ারল্যান্ডের অ্যাগ্রিকালচার, ফু অ্যান্ড দি মেরিন মন্ত্রী চার্লি ম্যাককোনালগ। তার সঙ্গে রয়েছেন বোর্ড বিয়ার গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আইরিশ ফোর্ড ও আইরিশ ডেইরি, মাংস ও প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ১৪ সদস্য।

বোর্ড বিয়ার পর্যবেক্ষণ বলছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের মূল বাজার হবে ইউএই ও সৌদি আরব। এই দুই দেশ মিলিয়ে ৫০ শতাংশ ব্যবসা করার ব্যাপারে আশাবাদী আইরিশ প্রতিষ্ঠানগুলো।

২০২১ সালে মধ্যপ্রাচ্যে ৩১১ মিলিয়ন পাউন্ড রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৭২ মিলিয়ন পাউন্ডের ডেইরি ও ডেইরিজাত পণ্য রপ্তানি হয়। এ সময় ২১ মিলিয়ন পাউন্ডের খাদ্যদ্রব্য রপ্তানি হয়।

ম্যাককোনালগ বলেন, আয়ারল্যান্ডস ফুড ভিশন ২০৩০ কৌশল অনুযায়ী আমরা উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট রয়েছি। ২০৩০ সালের মধ্যে আমরা দুই হাজার ১০০ কোটি পাউন্ড মূল্যের কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করতে চাই। আমাদের খাদ্যের মান ও গুণ বিশ্বে অনন্য। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উচ্চ বার্ষিক প্রবৃদ্ধি ও ভোক্তাচাহিদা আমাদের রপ্তানি-নির্ভর খাদ্যশিল্পের জন্য সাফল্য বয়ে আনবে।

তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসা ও কভিড-১৯ মহামারির কারণে দুই বছর ধরে আয়ারল্যান্ডে রপ্তানি বাণিজ্য কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের রপ্তানি বাণিজ্য ভালো ছিল না। এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে আরব আমিরাতে সফররত দলটি। তারা চলতি বছর থেকে রপ্তানি বাণিজ্য মহামারির আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।

এর আগে ২০১২ মধ্যপ্রাচ্যে খাদ্য ও পানীয় রপ্তানি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বোর্ড বিয়া। ২০২০ সালের মধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড খাদ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করে বোর্ড। তখন থেকে কাতার, সৌদি আরব, ইউএই, কুয়েত ও বাহরাইনে খাদ্য রপ্তানি করছে আয়ারল্যান্ড। ২০১৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক খাদ্য ও আতিথেয়তা সম্মেলন গালফফুডে অংশ নেয় বোর্ড বিয়া। তখন ডেইরি, মাংস ও কনজুমার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। এরপর খাদ্য নিয়ে আরও কয়েকটি সম্মেলনের আয়োজন করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। সব সম্মেলনে অংশ নেয় বোর্ড বিয়া এবং নিজেদের গুরুত্ব ফুটিয়ে তুলতে সক্ষম হয়। এভাবে ২০২০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করে আয়ারল্যান্ড। তাই মন্ত্রী ম্যাককোনালগ ২০২৫ সালের লক্ষ্যমাত্রাও পূরণ করার ব্যাপারে আশাবাদী।