নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার আগামীকাল রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১ মার্চ। তাই আগামীকাল রোববার ও সোমবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২ শতাংশ নগদ (উদ্যোক্তা ও পরিচালক ছাড়া শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের) ৮ শতাংশ বোনাস (সব শেয়ারহোল্ডারদের জন্য) লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা এবং ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৫২ পয়সা ও ১২ টাকা ২৮ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৬ পয়সা। যা আগের বছরে ছিল ১ টাকা ১৮ পয়সা। ঘোষিত বোনাস লভ্যাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এ সংক্রান্ত-রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ মার্চ।
কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯০ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৫ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ৯ কোটি ৯ লাখ ৫৬ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৬ দশমিক ৬২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৫২ দশমিক ৭২ শতাংশ শেয়ার।




