১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম চলবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।

তিনি আরও বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে নোটিশে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।

মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে জানিয়ে মন্ত্রী বলেন, সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সঙ্গে এবং আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ থেকে।