আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার জেরে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার মন্ত্রীসভার ২৬ সদস্য। রোববার (৩ এপ্রিল) রাতে জরুরী এক বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে উত্তাল শ্রীলঙ্কা। আর এই চাপের মুখে একযোগে পদত্যাগ করলেন মন্ত্রীসভার সব সদস্য।
গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রির্জাভ ঠেকেছে তলানিতে। ফলে জ্বালানি কিনতে পারছে না দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকা ও সেইসাথে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা শ্রীলঙ্কার সাধারণ মানুষের।
এদিকে, টানা ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দেশটিতে জারি রয়েছে জরুরি অবস্থাও। যদিও সবকিছু উপেক্ষা করে, রোববার রাজধানীসহ বড় শহরগুলোতে বিক্ষোভ করে হাজারও মানুষ। তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘাত হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। বিক্ষোভের ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়।




