ভূমধ্যসাগরে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবোঝাই নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এই দুর্ঘটনায় প্রায় ১০০ জনে অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধরণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। খবর এএফপির।
সংস্থাটি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কার শনিবার (২ এপ্রিল) ভোরে ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি লাইফ ভেলা থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে।
আলেগ্রিয়া-১ এর বরাত দিয়ে এক টুইট বার্তায় এমএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিলো। আলেগ্রিয়া-১ ট্যাঙ্কারের লগবুক অনুযায়ী এই নৌকাডুবির ঘটনায় প্রায় ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এমএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও সুরক্ষা প্রয়োজন। লিবিয়া নিরাপদ দেশ নয় মন্তব্য করে দাতব্য সংস্থাটি বলেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অভিবাসীদের এমন জায়গায় ফিরিয়ে দেওয়া ঠিক হবে না যেখানে তারা আটক, নির্যাতন ও দুর্ব্যবহারের সম্মুখীন হবে।
গত এক দশকের সংঘাত ও অরাজকতায় জর্জরিত লিবিয়া এখন আফ্রিকান ও এশীয় অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছানোর মরিয়া প্রচেষ্টার একটি মূল যাত্রাবিন্দু হয়ে উঠেছে। এসব অভিবাসীরা প্রায়শই লিবিয়ায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়।
লিবিয়া থেকে সমুদ্রযাত্রায় অনুপযোগী ও যাত্রীবোঝাই উত্তরাভিমুখী জাহাজগুলো অধিকাংশ সময়ই ডুবে যায় কিংবা সমস্যায় পড়ে। আবার, এসব অভিবাসীরা ফিরে আসার পর, অনেকে আটক কেন্দ্রে আরও ভয়ঙ্কর নির্যাতনের সম্মুখীন হয়।
সর্বশেষ এই ট্র্যাজেডির আগে, ইউএনএইচসিআর এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৬৭ জনের মৃত্যু রেকর্ড করেছে। ২০২১ সালে এই ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৪৮ টি।