প্রতিনিধি, ফেনী: ফেনী কাস্টমস এক্সাইজ এণ্ড ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সাথে অসদাচরণ ও হুমকির অভিযোগ এনে ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে ফেনী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির নেতারা।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, হার্ডওয়্যার পেইন্টস এণ্ড সেনেটারি ব্যবসায়ী সমিতি, চাড়িপুর, বিসিক শিল্প নগরী ও শিল্প উদ্যোক্তা, জেলা ব্রিকফিল্ড মালিক সমিতি, জেলা রেস্তোরাঁ মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
এসময় ব্যবসায়ীরা দাবী করেন, ভ্যাট আদায়ের নামে অভিযুক্ত এই কর্মকর্তা ব্যবসায়ীদের প্রতিনিয়ত হয়রানি ও অপমানে করে যাচ্ছেন। পাশাপাশি কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আইন ও শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রমে জড়িয়ে পড়ছেন।
এর আগে ভ্যাট কর্মকর্তা আব্দুল আহাদের বিরুদ্ধে অভিযোগ এনে গত সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেনী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির নেতারা। এতে ওই কর্মকর্তার হয়রানির বিভিন্ন বিষয় তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।




