ইসরাইলি সেনার গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে শিরিন আবু আকলেহ নামে আল-জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। খবর: আল জাজিরা।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানান, সম্ভবত জেনিন শহরের কাছে ইসরাইলি অভিযান কভার করার সময় বুধবার (১১ মে) তাকে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, আমরা এখন যা জানি তা হলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড কভার করছিলেন। দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে বুধবার ইসরাইলি অভিযান কভার করার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, তার এমন মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। এ ঘটনা আমাদের জন্য একটি বড় ধাক্কা।

কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, ‘শিরিনকে সবাই খুব সম্মান করতেন। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরায় কাজ করছেন। এই হত্যাকাণ্ড তার সহকর্মীদের জন্য ভীষণ কষ্টের।’