শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রদেশে খালি হওয়া ২০টি গুরুত্বপূর্ণ আসনের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে ইমরান খানের পিটিআই। বেসরকারি ফলাফলের ভিত্তিতে আজ সোমবার এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করার পর তার দলের ২৫ সদস্যও দলত্যাগ করে পিএমএম-এন হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। এদের মধ্যে ২০ জন ছিলেন সরাসরি ভোটে নির্বাচিত। বাকি পাঁচজন পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। ওই ২০ আসনেই গতকাল নির্বাচন হয়।
এদিকে পিটিআইর পাঞ্জাব জয়ের পর দলের নেতাকর্মীদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন ইমরান খান। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘প্রথমেই আমি আমার পিটিআই নেতাকর্মী ও ভোটারদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা শুধুমাত্র পিএমএল-এনকেই নয়, পুরো রাষ্ট্রযন্ত্রকেই পরাজিত করেছেন। বিশেষ করে পুলিশি হয়রানি ও সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে জবাব দিয়েছেন তারা।’
পৃথক এক টুইটার বার্তায় ইমরান আরও বলেন, ‘এখন সামনে এগিয়ে যাওয়ার একটি মাত্র পথ খোলা রয়েছে; একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশ আরও বড় রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে পড়বে।’
আগামী ২২ জুলাই আদালতের নির্দেশক্রমে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে। উপনির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে তাতে ইমরান খানের দল সহজেই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের ফলে আগাম জাতীয় নির্বাচনের জন্য ইমরান খান যে দাবি জানিয়ে আসছিলেন, তা আরও জোরদার হবে। আবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখনো নড়বড়ে। এ মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেশটিকে আরও বড় ধরনের কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।




