সাপ্তাহিক দরপতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার।

এদিকে চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১১ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস বেড়েছে ৮ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪ পয়সা। এদিকে ৩০ জুন, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ২৯ পয়সা (ঘাটতি)।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সা। এছাড়া এই হিসাববছরে এনওসিএফপিএস হয়েছে ৬ টাকা ৫০ পয়সা (ঘাটতি)। এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরেও ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তখন ইপিএস হয়েছিল এক টাকা ৯০ পয়সা আর ৩১ ডিসম্বের ২০২০ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৮০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সপ্তাহজুড়ে সাত দশমিক ০২ শতাংশ শেয়ারদর কমেছে।