থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

শেয়ার বিজ ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। আদালতের পাঁচ বিচারপতির প্যানেলের চার বিচারপতি তাকে বরখাস্তের পক্ষে রায় দিয়েছেন। খবর: রয়টার্স।

প্রধানমন্ত্রী হিসেবে ওচার আট বছরের মেয়াদ শেষ না হওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য বিরোধীদের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার তাকে বরখাস্ত করার এ আদেশ দেয়া হয়েছে।

২০১৪ সালে নির্বাচিত সরকারকে উৎখাতে নেতৃত্ব দেন ওচা। সে সময় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাতে নেতৃত্ব দেন ওচা। ২০১৯ সালে সেনাবাহিনীর খসড়া নতুন সংবিধানের আওতায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী হন। নতুন সংবিধান অনুযায়ী, ওচা প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন। বিরোধীরা বলছেন, চলতি মাসে সে মেয়াদ শেষ হচ্ছে। প্রসঙ্গত, নতুন সংবিধান প্রণয়ন করে সেনাবাহিনী।

আদালতে পর্যালোচনার আবেদন জানিয়ে প্রধান বিরোধী দল বলেছে, চলতি মাসে ওচার দায়িত্ব ছেড়ে দেয়া উচিত। কারণ জান্তাপ্রধান হিসেবে তিনি যত দিন নিয়োজিত ছিলেন, সে সময়টুকুও তার মেয়াদের মধ্যে হিসাব করা উচিত।

তবে ওচার সমর্থকদের যুক্তি, ২০১৭ সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর কিংবা ২০১৯ সালের নির্বাচনের পর থেকে তার মেয়াদ হিসাব করতে হবে। সে অনুযায়ী, প্রায়ুথ ২০২৫ সাল পর্যন্ত কিংবা ২০২৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন।

গতকাল এক বিবৃতিতে সাংবিধানিক আদালত জানান, আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন ওচা। গতকাল থেকে তার বরখাস্তের রায় কার্যকর হচ্ছে। তবে এ পিটিশনের ব্যাপারে আদালত চূড়ান্ত রায় কবে দেবেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান ও বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রাউয়িত ওংসুয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, থাইল্যান্ডের প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক চান ওচা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াক।